যে কারণে সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের প্রস্তাব পেলেও তা প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারা।২১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান।ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব তাঁকে দেওয়া হয়েছিল, তবে তিনি কৃতজ্ঞতার সঙ্গে তা ফিরিয়ে দিয়েছেন। তাঁর মতে, সংসদে গিয়ে জনগণের স্বার্থে কথা বলার সুযোগ থাকলেও সংরক্ষিত নারী আসনগুলো জনগণের সরাসরি ভোটে হওয়া উচিত, দলীয় মনোনয়নের মাধ্যমে নয়।তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছিলেন এবং এর পক্ষে যুক্তিও দিয়েছেন। এমনকি এ বিষয়ে জনসমর্থন গড়তে তিনি প্রচার-প্রচারণা ও স্বাক্ষর সংগ্রহ কার্যক্রমেও অংশ নেন। তাই এমপি হওয়ার প্রস্তাব পাওয়ার পর ভিন্ন অবস্থান নেওয়া তাঁর পক্ষে সম্ভব হয়নি।তাসনিম জারা তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, সংসদে যাঁরা যাচ্ছেন, তাঁদের প্রতি তাঁর কোনো বিরূপ মন্তব্য নেই; বরং তিনি তাঁদের সাফল্য কামনা করেন। তবে তাঁর আপত্তি মূলত বিদ্যমান কাঠামো নিয়ে।তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা তাঁদের ভোটারদের কাছে জবাবদিহি করেন এবং প্রয়োজনে দলের বিরুদ্ধেও অবস্থান নিতে পারেন। কিন্তু দলীয় মনোনয়নে নির্বাচিতদের কোনো নির্দিষ্ট ভোটার এলাকা না থাকায় জবাবদিহির বিষয়টি দুর্বল হয়ে পড়ে।নারী প্রতিনিধিত্ব প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্ধেকের বেশি জনগণ নারী হওয়ায় তাঁদের প্রতিনিধিত্বও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই নিশ্চিত হওয়া উচিত। সংরক্ষিত আসন থাকলে সেগুলোকেও জনগণের ভোটে নির্ধারণ করার পক্ষে তিনি মত দেন।নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি লেখেন, তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং সীমিত প্রচার-প্রচারণার মধ্যেও ৪৪ হাজারের বেশি ভোট পেয়েছিলেন। নির্বাচনে অনিয়মের অভিযোগ থাকলেও ফলাফল তিনি মেনে নিয়েছেন।তিনি আরও জানান, ভবিষ্যতে সংসদে গেলে তিনি জনগণের ভোটেই যাবেন এবং সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ চালিয়ে যাবেন।