জামিন পেলেন পরীমনি
বিনোদন ডেস্ক: আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত।৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে অভিনেত্রী ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।এর আগে, ৪ নভেম্বর বুধবার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও আদালতে হাজির হননি পরীমনি। অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করেন।এতে বলা হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি অভিনেত্রী।তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল ওই আবেদনের বিরোধিতা করেন।তার অভিযোগ, পরীমনি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হয়ে বারবার সময়ের আবেদন করছেন। পরে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান সময়ের আবেদন নাকচ করেন। একই সঙ্গে পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয় ২৩ ডিসেম্বর।গ্রেফতারি পরোয়ানা জারির পরদিনই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি। বুধবার তার আইনজীবী জানিয়েছিলেন, বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন চাইবেন তার মক্কেল। জামিন পাওয়ার ব্যাপারেও আশাবাদী ছিলেন তিনি।মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবে যান পরীমনি ও তার সহযোগীরা। সেখানে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে তাদের বাদানুবাদ হয়। একপর্যায়ে পরীমনি তাকে সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন বলে অভিযোগ করেন নাসির। এতে তিনি মাথা ও বুকে আঘাত পান বলে মামলায় উল্লেখ করা হয়।এ ছাড়া মামলার অভিযোগে নাসির উদ্দিন দাবি করেন, পরীমনি একটি দামি মদের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান।২০২১ সালের ৬ জুলাই পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। তদন্ত শেষে ২০২৩ সালের ১৮ মার্চ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন জমা দেয়।প্রতিবেদনে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। পরে ২০২৫ সালের ২৬ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।উল্লেখ্য, বোট ক্লাবকাণ্ডে পরীমনি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মধ্যে পাল্টাপাল্টি মামলা রয়েছে।এটিভি/এসটিও