• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:২৫:৪৮ (29-Jul-2026)
  • - ৩৩° সে:
মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই ব্যক্তি। ২৪ জুলাই শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানাধীন ওপেক্স গার্মেন্টসের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ইউসুফ আলীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপর দুজন হলেন ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির হোসেন (৩২) এবং সবজি ব্যবসায়ী নালাম সরদার (৪৫)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩-এর ই-ব্লকের ওপেক্স গার্মেন্টসের সামনে অজ্ঞাত ৪ থেকে ৫ জন অস্ত্রধারী ইউসুফ আলীসহ কয়েকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টা ৪০ মিনিটের দিকে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল।চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, নালাম সরদারের মাথার ডান পাশে এবং মনির হোসেনের বাম পায়ে গুলি লেগেছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এদিকে, ঘটনার পর স্থানীয় লোকজন অস্ত্রসহ সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।সূত্র: চ্যানেল২৪