হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় আবদুল হান্নান মাসুদ-এর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় সংসদ সদস্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয় এবং কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয়। হামলাকারীরা গাড়িবহরের সঙ্গে থাকা মোটরসাইকেলসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।২৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে নির্বাচন পরবর্তী প্রকল্প বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে। হামলার পর পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ দলীয় নেতাকর্মীদের নিয়ে গাড়িবহর যোগে এলাকা অতিক্রম করার সময় আওয়ামী লীগের নেতারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালিয়ে ককলেট বিস্ফোরণ ঘটান এবং গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে মোটরসাইকেলসহ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়।হান্নান মাসউদ বলেন, ‘আওয়ামী লীগের বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপির কর্মীরা আমাদের লক্ষ্য করে ককলেট বিস্ফোরণ ঘটিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। তারা আমাদের ৫ জনের অধিক নেতাকর্মীকে অবরুদ্ধ রাখে এবং গাড়িবহরের দশটির বেশি মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি ভাঙচুর করে। পুলিশের উপস্থিতিতেও তারা হামলা চালায়, কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নিতে পারেনি।’হামলার পর আবদুল হান্নান মাসউদ ও তার নেতাকর্মীরা স্থানীয় প্রকল্প বাজার সড়কে বসে বিচারের দাবি জানিয়েছেন।নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, বিষয়টি শুনে সেখানে অতিরিক্ত পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।