• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৩৪:৫৭ (21-Aug-2026)
  • - ৩৩° সে:
ওয়েব ফিল্মে অভিনেত্রী মৌ খান

ওয়েব ফিল্মে অভিনেত্রী মৌ খান

বিনোদন ডেস্ক: নতুন ওয়েব ফিল্ম নিয়ে হাজির হতে যাচ্ছেন বর্তমান সময়ের চিত্রনায়িকা মৌ খান। থ্রিলার ও অ্যাকশন ঘরানার ‘শিকারি’ শিরোনামের এই ওয়েব ফিল্ম পরিচালনা করছেন মেহেদী হাসান। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে।‘শিকারি’-এর গল্প আবর্তিত হয়েছে মনস্তাত্ত্বিক টানাপড়েন, অপরাধজগত ও একটি রোমাঞ্চকর মিশনকে ঘিরে। এতে মৌ খানকে দেখা যাবে রহস্যময় ও বুদ্ধিদীপ্ত এক চরিত্রে। চরিত্রের প্রয়োজনে অ্যাকশন ও ড্রামাটিক দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর ভাষ্য-এমন চরিত্রে আগে তাকে দেখা যায়নি।নিজের চরিত্র প্রসঙ্গে মৌ খান বলেন, “শিকারি’-এর স্ক্রিপ্ট যখন আমার হাতে আসে, এক নিঃশ্বাসে পড়ে শেষ করেছি। গল্পে যে টুইস্ট আছে, তা দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত পর্দায় ধরে রাখবে। এখানে আমাকে একেবারে ভিন্ন লুকে এবং অন্যরকম এক আবহে আবিষ্কার করবেন দর্শক। চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছি। আশা করছি, দর্শকরা নিরাশ হবে না।”২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌ খানের। এরপর ‘বান্ধব’, ‘বাহাদুরি’ ও ডিপজলের বিপরীতে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। এর আগে শাহীন সুমনের ‘মাফিয়া’ ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘শিকারি’-এর দৃশ্যধারণ ও কারিগরি কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ওটিটি দর্শকদের কথা মাথায় রেখে আধুনিক নির্মাণশৈলীতে তৈরি হয়েছে ওয়েব ফিল্মটি। খুব শিগগির একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি।মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু মৌ খানের। তারপর থেকে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন। তার অভিনীত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমাটিও নির্মাণাধীন। জাফর আল মামুন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ।এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে মৌ খান অভিনীত ‘বাংলার হারকিউলিস’, ‘বাহাদুরী’ ও ‘তবুও প্রেম দামি’। এছাড়া আগামী ৯ অক্টোবর তার অভিনীত ‘স্নেহের বন্ধন’ মুক্তির কথা রয়েছে।