• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৩৭:০৯ (29-Aug-2026)
  • - ৩৩° সে:
ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল উলদ শেখ আহমেদ। ২৭ আগস্ট সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ২৩তম বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাকে নির্বাচিত করা হয়।ইসমাইল উলদ শেখ আহমেদ সদ্য সাবেক মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হয়েছেন। তাহা ২০২১ সালের নভেম্বরে ওআইসির মহাসচিবের দায়িত্ব নেন এবং তাঁর মেয়াদ ২০২৬ সালের নভেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন মহাসচিব নির্বাচিত হওয়ার পর ২৮ আগস্ট দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে।ইসমাইল উলদ শেখ আহমেদের আন্তর্জাতিক কূটনীতিতে তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর আগে জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করেন।ইয়েমেনের পাশাপাশি সিরিয়া ও লিবিয়াসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন সংকট মোকাবিলায় জাতিসংঘের হয়ে কাজ করেছেন তিনি। দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতার কারণে ওআইসির নেতৃত্বে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।দায়িত্ব গ্রহণের পর ইসমাইল উলদ শেখ আহমেদ বলেন, তিন দশকের বেশি সময়ের আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের দায়িত্ব পালনের পর ওআইসির মহাসচিব নির্বাচিত হওয়া তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান। তিনি সদস্য দেশগুলোর মধ্যে সংহতি আরও জোরদার এবং সংস্থার কার্যক্রমকে আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।ওআইসি জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংস্থা। সংস্থাটির সদস্য ৫৭টি দেশ এবং এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়।সূত্র: আনাদোলু এজেন্সি