অনলাইন ডেস্ক: প্রায় দুই ঘণ্টার বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণ।
১৯ জুলাই রোববার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট থেকে হঠাৎ করেই প্ল্যাটফর্মটির ডেস্কটপ ভার্সনে প্রবেশে সমস্যার সম্মুখীন হন ব্যবহারকারীরা। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা একই ধরনের সমস্যার অভিযোগ করেন।
দুপুর সাড়ে ৩টার দিকে একাধিক ব্যবহারকারী জানান, তারা আবার ফেসবুকের ডেস্কটপ সংস্করণে স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছেন।
বিভ্রাট চলাকালে অনেক ব্যবহারকারী ফেসবুকে লগইন করতে পারেননি। এছাড়া অ্যাপ ও ওয়েবসাইট লোড হতে দেরি হওয়া, নিউজ ফিড আপডেট না হওয়া এবং টাইমলাইন ব্যবহারে সমস্যার কথাও জানিয়েছেন তারা।
বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টার পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ দ্রুত বাড়তে থাকে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই অভিযোগকারীর সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পায়।
লগইনের চেষ্টা করা অনেক ব্যবহারকারীর সামনে একটি বার্তা প্রদর্শিত হয়, যেখানে বলা হয়, ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ। সাইট সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না। আমরা আশা করছি, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে। কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।’
ব্রিটিশ সংবাদমাধ্যম ম্যানচেস্টার ইভনিং নিউজ জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল ৯টার কিছু আগে ‘ফেসবুক ডাউন’ লিখে অনুসন্ধানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
ডাউনডিটেক্টরের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৫০ শতাংশ ব্যবহারকারী ওয়েবসাইটে প্রবেশে সমস্যা, ২০ শতাংশ লগইন জটিলতা এবং আরও ২০ শতাংশ ব্যবহারকারী নিউজ ফিড ও টাইমলাইন ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। পরিসংখ্যান বলছে, এই বিভ্রাট কোনো একটি দেশে সীমাবদ্ধ ছিল না। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ফেসবুক ব্যবহারকারীরা এর প্রভাব অনুভব করেছেন।
এদিকে, মেটার মালিকানাধীন অন্য প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও একই ধরনের সমস্যার মুখে পড়ার কথা জানিয়েছেন অনেক ব্যবহারকারী।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত বিভ্রাটের কারণ বা এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি মেটা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available