• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৪১:৫৯ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

নকআউট পর্বে রোনালদোর প্রথম গোল, শেষ ষোলোয় পর্তুগাল

৩ জুলাই ২০২৬ সকাল ০৮:১১:০১

নকআউট পর্বে রোনালদোর প্রথম গোল, শেষ ষোলোয় পর্তুগাল

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ নকআউট পর্বে প্রথম গোল এবং যোগ করা সময়ে গনসালো রামোসের নাটকীয় জয়সূচক হেডে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। ম্যাচের শেষ বাঁশির আগমুহূর্তে ক্রোয়েশিয়া সমতায় ফিরলেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। চতুর্থ মিনিটেই রাফায়েল লিয়াওয়ের দারুণ দৌড়ের পর ব্রুনো ফার্নান্দেজ টানা দুটি শট নিলেও দুইবারই অসাধারণ সেভ করে দলকে রক্ষা করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। এরপরও একাধিক সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

বিরতির পর ম্যাচের ৫৩তম মিনিটে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। দ্রুত নেওয়া একটি থ্রো-ইন থেকে গড়ে ওঠা আক্রমণে ইয়োসিপ স্তানিসিচের পাস পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন অভিজ্ঞ উইঙ্গার ইভান পেরিসিচ।

গোল হজমের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পর্তুগাল। ৬০তম মিনিটে রোনালদো বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে সমতা ফেরান পর্তুগিজ অধিনায়ক। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে রোনালদোর ক্যারিয়ারের প্রথম গোল এবং চলতি আসরে তার তৃতীয় গোল।

৭৫তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। মাতেও কোভাচিচের শক্তিশালী দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলেও তিনি গোলের চেষ্টা করলেও দুর্দান্ত ডাইভ দিয়ে নিশ্চিত গোল ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা।

ম্যাচের ৮১তম মিনিটে রোনালদোকে তুলে নিয়ে রুবেন নেভেসকে মাঠে নামান কোচ রবার্তো মার্তিনেজ। মাঠ ছাড়ার সময় কিছুটা হতাশই দেখা যায় অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে।

তবে ম্যাচের শেষ হাসি হেসেছে পর্তুগাল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বাঁ প্রান্ত থেকে রাফায়েল লিয়াওয়ের নিখুঁত ক্রসে দুই ডিফেন্ডারের মাঝখান থেকে উড়ে এসে হেডে বল জালে জড়ান গনসালো রামোস। তার সেই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইউরোপের দলটি।

শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া একবার বল জালে পাঠালেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়। ফলে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ২-১ ব্যবধানের জয় নিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে পর্তুগাল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us