• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:১২:৫৬ (17-Jul-2026)
  • - ৩৩° সে:

নিলামের ইতিহাসে রেকর্ড মূল্যে বিক্রি হলো পেলের একটি জার্সি

১৭ জুলাই ২০২৬ সকাল ০৯:২৯:০৫

নিলামের ইতিহাসে রেকর্ড মূল্যে বিক্রি হলো পেলের একটি জার্সি

স্পোর্টস ডেস্ক: ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে পরা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ঐতিহাসিক জার্সি নিলামে রেকর্ড ৪৯ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৬০ কোটি ৪৭ লাখ টাকা। বিশ্বখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথেবিস জানিয়েছে, পেলের কোনো স্মারকসামগ্রী এর আগে এত বেশি দামে বিক্রি হয়নি।

নিউইয়র্কে অনুষ্ঠিত নিলামে জার্সিটি কেনার জন্য মোট ১০টি বিড জমা পড়ে। শেষ পর্যন্ত ৪৯ লাখ ডলারে এটি বিক্রি হয়। ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচে ব্যবহৃত হওয়ায় জার্সিটির মূল্য এতটা বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পেলের প্রকৃত নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫–২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ব্রাজিল। সেই ম্যাচে মাত্র ১৭ বছর বয়সে দুটি গোল করেন পেলে। এখনো বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে তার রেকর্ড অক্ষুণ্ন রয়েছে।

২০২২ সালে মৃত্যুবরণ করা পেলে তিনটি বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন। তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়।

সোথেবিস এক বিবৃতিতে জানায়, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের ছবিগুলো খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবহৃত ও পুনর্মুদ্রিত ছবিগুলোর অন্যতম। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল এই জার্সি।

এর আগে ২০০৪ সালে একই জার্সিটি নিলামে ৭০ হাজার ৫০৫ পাউন্ডে (তৎকালীন প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ মার্কিন ডলার) বিক্রি হয়েছিল।

তবে পেলের জার্সি তার স্মারকসামগ্রীর মধ্যে সবচেয়ে দামি হলেও, এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া স্মারক নয়। সেই রেকর্ড এখনও যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বেসবল খেলোয়াড় বেব রুথের ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজে পরা ‘কলড শট’ জার্সির দখলে। ২০২৪ সালে সেটি ২ কোটি ৪১ লাখ মার্কিন ডলারে (প্রায় ২৫৭ কোটি টাকা) বিক্রি হয়েছিল।

এ ছাড়া ১৯৯৮ সালের এনবিএ ফাইনালে পরা মাইকেল জর্ডানের জার্সি ১ কোটি ১ লাখ মার্কিন ডলারে এবং ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পরা দিয়েগো ম্যারাডোনার জার্সি ৯২ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।

সূত্র: এএফপি, রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us