স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র কবে যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে মাঠে অনুশীলনে ফিরবেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই ছিল জল্পনা। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। নীরবে দলের অনুশীলনে যোগ দিয়েছেন এই ফরোয়ার্ড।
ব্রাজিল দলের অনুশীলন সেশন ‘ক্লোজড ডোর’ হওয়ায় সাংবাদিক ও সমর্থকদের কেউই নেইমারকে সরাসরি দেখতে পাননি। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো স্নিকার্স ও পরে ফুটবল বুট পরে বল নিয়ে অনুশীলন করেছেন তিনি।
অনুশীলনের পর পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি এবং মেয়ে মাভির সঙ্গে হাস্যোজ্জ্বল দেখা গেছে তাকে।
চিকিৎসকদের তত্ত্বাবধান থেকে পূর্ণাঙ্গ অনুশীলনে ফেরার পথে এটি নেইমারের জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ। তবে ম্যাচ খেলার মতো শতভাগ ফিট হতে তার আরও কিছু সময় প্রয়োজন বলে জানা গেছে।
এ কারণে বিশ্বকাপের গ্রুপ পর্বে শুক্রবার ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ব্রাজিলের ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই কম। তবে দল নকআউট পর্বে জায়গা করে নিলে সেখানে নেইমারকে মাঠে দেখা যেতে পারে।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি তাড়াহুড়ো করে তাকে মাঠে নামানোর পক্ষপাতী নন। পুরোপুরি সুস্থ ও ম্যাচ-ফিট অবস্থায় নেইমারকে দলে পেতে চান তিনি, যাতে প্রয়োজন হলে পুরো ৯০ মিনিট খেলতে পারেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available