• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:২৬:৫২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:
নেইমারের জন্য স্বস্তির খবর দিল ব্রাজিল

নেইমারের জন্য স্বস্তির খবর দিল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: ব্রাজিল ফুটবল দলের তারকা ফরোয়ার্ড নেইমারের ইনজুরি নিয়ে স্বস্তির খবর দিয়েছে দলের মেডিকেল বিভাগ। সর্বশেষ মেডিকেল পরীক্ষায় তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ধরা পড়েছে বলে জানিয়েছে ব্রাজিল জাতীয় দলের মেডিকেল কমিশন।৮ জুন সোমবার নেইমারের এমআরআই পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল পর্যালোচনা করে মেডিকেল কমিশন জানায়, তার চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং প্রত্যাশিত উন্নতিও দেখা যাচ্ছে।ব্রাজিল দলের এক বিবৃতিতে বলা হয়, ‘সোমবার নেইমারের এমআরআই করা হয়েছে। পরীক্ষায় তার চিকিৎসা প্রক্রিয়ার অগ্রগতি ইতিবাচক পাওয়া গেছে এবং সবকিছু নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চলছে।’মেডিকেল কমিশন আরও জানায়, দ্রুত উন্নতির কারণে নেইমার পূর্বনির্ধারিত পুনর্বাসন কর্মসূচিই অনুসরণ করবেন। তার শারীরিক অবস্থার ওপর চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞরা নিয়মিত নজর রাখছেন।দীর্ঘদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলের অন্যতম সেরা এই ফুটবলার। তার অনুপস্থিতি জাতীয় দল ও ক্লাব উভয় ক্ষেত্রেই অনুভূত হয়েছে। তবে সর্বশেষ মেডিকেল রিপোর্টে আশাব্যঞ্জক অগ্রগতির খবর পাওয়ায় সমর্থকদের মধ্যে মাঠে তার দ্রুত ফেরার প্রত্যাশা বেড়েছে।বিশ্বকাপের আগে নেইমারের পুরোপুরি সুস্থ হয়ে ওঠা ব্রাজিল দলের জন্য বড় ইতিবাচক বিষয় হতে পারে। আক্রমণভাগে তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও সৃজনশীলতা এখনও দলের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয়।