স্পোর্টস ডেস্ক: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় প্রথমবারের মতো অংশ নিয়েই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তাকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।
থাইল্যান্ডের ব্যাংককে গত ২২ আগস্ট শনিবার অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় বিসিবির প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে তিনি এই দায়িত্ব পান।
তামিমের নেতৃত্বাধীন গেম ডেভেলপমেন্ট কমিটি এশিয়াজুড়ে ক্রিকেটের প্রসার, নতুন খেলুড়ে দেশগুলোর উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি ক্রিকেট বিকাশে কাজ করবে।
একই সভায় ২০২৬–২০২৮ মেয়াদের জন্য এসিসির নতুন নেতৃত্ব ও নির্বাহী সদস্যও নির্বাচিত হয়। সদস্য দেশগুলোর প্রত্যক্ষ ভোটে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনি নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া টেস্ট না খেলা পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে কাতারের শেখ আবদুল আজিজ বিন সৌদ আল থানি ও সিঙ্গাপুরের মাহমুদ গাজনাভি নির্বাচিত হয়েছেন। সহযোগী দেশগুলোর প্রতিনিধিত্ব করবেন মালদ্বীপের মোহাম্মদ ফয়সল ও বাহরাইনের মোহাম্মদ মনসুর, যারা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।
সভায় একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনেরও অনুমোদন দেওয়া হয়। এতদিন এসিসির সভাপতি পদে মনোনয়নের সুযোগ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে সীমিত থাকলেও এখন থেকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও এ পদে প্রার্থী মনোনয়ন দিতে পারবে। পাশাপাশি প্রশাসন, ক্রিকেট উন্নয়ন, টুর্নামেন্ট ও অর্থসংক্রান্ত একাধিক নতুন কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available