• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৪২:৩২ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

ফাইনালের হাফটাইমে সুপার বোলের আদলে শো, বিরতি হতে পারে ২৫-৩০ মিনিট

১৫ জুলাই ২০২৬ দুপুর ০২:১৯:৪৮

ফাইনালের হাফটাইমে সুপার বোলের আদলে শো, বিরতি হতে পারে ২৫-৩০ মিনিট

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো সুপার বোলের আদলে জমকালো হাফটাইম শোর আয়োজন করতে যাচ্ছে ফিফা। এ আয়োজনের কারণে ম্যাচের বিরতি প্রচলিত ১৫ মিনিটের পরিবর্তে ২০ থেকে ২৫ মিনিট, এমনকি ৩০ মিনিট পর্যন্তও হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

আগামী ১৯ জুলাই রোববার স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের বিরতিতে প্রায় ১১ মিনিটের বিশেষ সঙ্গীতানুষ্ঠানে পারফর্ম করবেন পপতারকা ম্যাডোনা, শাকিরা ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। পরে এ আয়োজনে কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের নামও যুক্ত হয়েছে। অনুষ্ঠানটির শিল্প নির্দেশনায় থাকছেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন। ফিফা ও গ্লোবাল সিটিজেনের যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রের তথ্য অনুযায়ী, হাফটাইম প্রায় ২০ মিনিট রাখার পরিকল্পনা রয়েছে। তবে বিকল্প হিসেবে প্রচলিত ১৫ মিনিটের বিরতির সঙ্গে অতিরিক্ত সময় যোগ করে সঙ্গীতানুষ্ঠান আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দাবি, সম্প্রচার ও আয়োজনের প্রয়োজন মেটাতে বিরতি ২৫ থেকে ৩০ মিনিট পর্যন্তও বাড়ানো হতে পারে।

তবে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এর নিয়ম অনুযায়ী, হাফটাইমের বিরতি ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়। ফলে বিশেষ এই আয়োজন কীভাবে নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।

এর আগে নিউইয়র্ক–নিউ জার্সিতেই অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস ও ইমানুয়েল কেলির পরিবেশনার কারণে হাফটাইম প্রায় ২৪ মিনিট স্থায়ী হয়েছিল।

ফাইনাল ম্যাচের আগে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে সমাপনী অনুষ্ঠান। এতে টম ক্রুজ, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস ও জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আই শো স্পিড অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জেনিফার হাডসন।

এদিকে, ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ইতোমধ্যে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us