• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪৪:১২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশের পেস বোলিং কোচের পদ ছাড়লেন শন টেইট

৪ জুন ২০২৬ বিকাল ০৪:৩৫:৪০

বাংলাদেশের পেস বোলিং কোচের পদ ছাড়লেন শন টেইট

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইট। ফলে চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য সিরিজে তাকে ডাগআউটে পাচ্ছে না বাংলাদেশ দল।

টেইটের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক জাতীয় দলের পেসার তালহা জুবায়েরকে। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে কর্মরত রয়েছেন।

কিছুদিন ধরেই টেইটের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল। অবশেষে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে টেইট বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করেছি।’

বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। যদিও আনুষ্ঠানিকভাবে পারিবারিক কারণকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে বিভিন্ন সূত্রে জানা গেছে ভারতের ঘরোয়া ক্রিকেটে কোচিং করানোর আগ্রহ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গুঞ্জন রয়েছে, ভারতের রাজ্য দল বেঙ্গলের কোচিং স্টাফে যোগ দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে সাক্ষাৎকারও দিয়েছেন টেইট। ফলে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়া এই অস্ট্রেলিয়ানের শেষ দায়িত্ব পালন হয়ে গেল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ সিরিজ।

এদিকে বিশ্বকাপ চলাকালীন সময়ে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন। পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজের সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর ১৭ জুন চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us