স্পোর্টস ডেস্ক: যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শেষে তাকে দেশের ক্রিকেটের কোনো কার্যক্রমে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ শাস্তিতে সন্তুষ্ট নন অভিযোগকারী জাতীয় দলের পেসার জাহানারা আলম। প্রধান অভিযুক্তের পাশাপাশি তার সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
১৮ এপ্রিল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় জাহানারা বিসিবিকে ধন্যবাদ জানালেও শাস্তিকে অপর্যাপ্ত বলে উল্লেখ করেন। তিনি বলেন, তদন্ত কমিটি গঠন ও অভিযুক্তকে শাস্তি দেওয়ার পদক্ষেপের জন্য তিনি কৃতজ্ঞ, তবে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তুলনায় এই শাস্তি খুবই সামান্য।


জাহানারা অভিযোগ করেন, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মঞ্জুরুল ইসলাম ও তার সহযোগীদের কাছ থেকে তিনি মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তার ভাষ্য, এ সময় তাকে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে এবং আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়েছে।

এ ঘটনায় শুধু মঞ্জুরুল ইসলাম নয়, তার সহযোগীদের বিরুদ্ধেও বিচার দাবি করেন এই পেসার। তিনি উল্লেখ করেন, নারী দলের সাবেক ম্যানেজার তৌহিদ মাহমুদ মারা গেলেও সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ভিডিও বার্তায় নারী দলের সাবেক প্রধান কোচ আবদুর রাজ্জাকের কিছু মন্তব্য নিয়েও আপত্তি জানান জাহানারা। তার অভিযোগ, রাজ্জাক মন্তব্য করেছেন যে মঞ্জুরুল ইসলাম বড় শাস্তি পাওয়ার যোগ্য নন এবং নারী ক্রিকেটাররা সমঝোতার ভিত্তিতে খেলেন, যা তিনি প্রত্যাখ্যান করেন।
এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে তিন দফা দাবি তুলে ধরেন জাহানারা। তার দাবিগুলোর মধ্যে রয়েছে- মঞ্জুরুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং এ ধরনের অভিযোগের যথাযথ তদন্তের মাধ্যমে ক্রীড়াঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
জাহানারা আরও বলেন, অভিযোগ প্রকাশের পর অন্যান্য অঙ্গনের কিছু ক্রীড়াবিদও একই ধরনের হয়রানির অভিযোগ করেছেন। এসব অভিযোগের সঠিক তদন্ত না হলে সংশ্লিষ্টদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হবে না বলেও উল্লেখ করেন তিনি।
নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক মানের সেফগার্ডিং নীতি প্রণয়নের জন্য ক্রীড়া প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রতিও আহ্বান জানিয়েছেন জাতীয় দলের এই পেসার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available