• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৯:১৩ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

শচীনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন টেলর

১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩২

শচীনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন টেলর
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: প্রায় এক যুগ পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতে নেমেই ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। মাঠে নামার সঙ্গে সঙ্গে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। ১৯৮৯ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত ওয়ানডে খেলেছিলেন তিনি। সব মিলিয়ে তার ওয়ানডে ক্যারিয়ারের দৈর্ঘ্য ছিল ২২ বছর ৯১ দিন।

২০০৪ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল টেলরের। মঙ্গলবার হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে জায়গা পেয়ে মাঠে নামার মাধ্যমে তার ওয়ানডে ক্যারিয়ারের ব্যাপ্তি দাঁড়িয়েছে ২২ বছর ১৪৭ দিনে। ফলে টেন্ডুলকারকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন ৪০ বছর বয়সি এই ব্যাটার। সিরিজের বাকি দুই ম্যাচেও খেললে তার এই রেকর্ডের ব্যবধান আরও বাড়বে।

তবে টেলরের ক্যারিয়ারে এসেছে নাটকীয় বিরতিও। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। পরের বছর আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপবিরোধী বিধি ভঙ্গের দায়ে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা পান।

নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২৫ সালে অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফেরেন টেলর। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জিম্বাবুয়ে। সেই বিশ্বকাপকে সামনে রেখেই জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

তবে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ ও রানের রেকর্ড এখনো শচীন টেন্ডুলকারের দখলে। ৪৬৩টি ওয়ানডেতে ভারতের এই কিংবদন্তি সংগ্রহ করেছেন ১৮ হাজার ৪২৬ রান—দুটিই বিশ্ব রেকর্ড।

অন্যদিকে, টেলর এখন পর্যন্ত ২০৮টি ওয়ানডে খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে ১১টি সেঞ্চুরি ও ৩৯টি ফিফটি, মোট রান ৬ হাজার ৭০৪।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শচীনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন টেলর
শচীনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন টেলর
১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩২



হাম উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি
১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১২:১৪