আন্তর্জাতিক ডেস্ক: ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান। ১৩ অক্টোবর মঙ্গলবার অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ডান ফুসফুসের নিচের অংশ অপসারণের পর পরীক্ষায় ক্যানসারের উপস্থিতি নিশ্চিত হয়। ৭১ বছর বয়সী পোপের শারীরিক অবস্থা নিয়ে এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাটিকানের প্রকাশিত চিকিৎসা বুলেটিনে পোপের ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছে। এটি ফুসফুসের ক্যানসারের একটি পরিচিত ধরন। অস্ত্রোপচারের সময় সংগ্রহ করা টিস্যু পরীক্ষার মাধ্যমে রোগটি নিশ্চিত করা হয়।
সম্প্রতি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে অস্বাভাবিক টিস্যু বৃদ্ধির বিষয়টি শনাক্ত করেন চিকিৎসকেরা। পরে সেটি অপসারণের জন্য তাঁকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়।
পোপের প্রধান চিকিৎসক স্তেফানো মার্গারিতোরা ও ব্যক্তিগত চিকিৎসক লুইজি কারবোনের দেওয়া তথ্য অনুযায়ী, অস্ত্রোপচারটি প্রায় ৯০ মিনিট স্থায়ী হয় এবং কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন হয়। চিকিৎসকেরা ভিডিও-সহায়তাপ্রযুক্তি ব্যবহার করে তাঁর ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করেন। এর লক্ষ্য ছিল ক্যানসার আক্রান্ত টিস্যু সরিয়ে রোগ নিরাময়ের সুযোগ তৈরি করা।
মানুষের ফুসফুসে মোট পাঁচটি খণ্ড থাকে। ডান ফুসফুসে তিনটি এবং বাম ফুসফুসে দুটি খণ্ড রয়েছে। পোপের ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হলেও ক্যানসার কতটা বিস্তৃত, তা এখনো স্পষ্ট নয়।
চিকিৎসাবিশেষজ্ঞদের মতে, টিউমারের আকার, ক্যানসার লসিকাগ্রন্থিতে ছড়িয়ে পড়েছে কি না এবং শরীরের অন্য কোথাও এর বিস্তার ঘটেছে কি না—এসব তথ্য রোগের পর্যায় নির্ধারণ ও চিকিৎসাপদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ফুসফুসের ক্যানসার বিশেষজ্ঞ এবং মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালের রক্তরোগ ও ক্যানসার বিভাগের প্রধান স্টিফেন লিউ রয়টার্সকে বলেন, রোগ শনাক্ত হওয়ার বিষয়টি জানা গেলেও এটি কোন পর্যায়ে রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। রোগের ভবিষ্যৎ গতিপ্রকৃতি ও চিকিৎসা নির্ধারণে এ তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ক্যানসারটি ছোট আকারের হলে এবং লসিকাগ্রন্থিতে ছড়িয়ে না পড়লে অস্ত্রোপচারের মাধ্যমেই রোগ নিরাময় সম্ভব হতে পারে। তবে পরবর্তী পরীক্ষায় ক্যানসারের বিস্তার বেশি পাওয়া গেলে রোগের পূর্বাভাস তুলনামূলকভাবে খারাপ হতে পারে।
হাসপাতালে বিশ্রামে পোপ
ভ্যাটিকানের চিকিৎসা বুলেটিনে বলা হয়েছে, অস্ত্রোপচারের পর পোপ স্বাভাবিকভাবেই জ্ঞান ফিরে পান। পরে তাঁকে হাসপাতালের কক্ষে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে বিশ্রাম নিচ্ছেন।
এর আগে ভ্যাটিকান জানিয়েছিল, পোপের প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকার কথা রয়েছে। এ ছাড়া ২০ অক্টোবর পর্যন্ত তাঁর সব প্রকাশ্য কর্মসূচি বাতিল করা হয়েছে।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available