• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:৫৪:৩৬ (01-Aug-2026)
  • - ৩৩° সে:

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে আবারও সাময়িক অব্যাহতি

১ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৭:০৫

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে আবারও সাময়িক অব্যাহতি

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে আবারও সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে দল। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

৩১ জুলাই শুক্রবার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গমূলক বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু মন্তব্যের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা জমা দিতে হবে।

এর আগে, ২০২৫ সালের ২১ এপ্রিলও গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়েছিল এনসিপি। সে সময় একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবইয়ের কাগজ কেনায় কমিশন বাণিজ্যের অভিযোগের বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়েও কারণ দর্শাতে বলা হয়।

তবে পরবর্তীতে দল তার সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করে আগের মতো সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশ দেয়। এবার দ্বিতীয় দফায় আবারও তাকে সাময়িক অব্যাহতি দিয়ে শোকজ করা হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ