অনলাইন ডেস্ক: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার জন্য জেলা ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল।
২৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর এবং এনসিপির নেতাকর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর রাত পৌনে ৮টার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় জেলা ছাত্রদলের একদল নেতাকর্মী হকিস্টিক, রামদা, চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেননি। হামলাকারীরা মিডিয়া টিমের ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম ছিনিয়ে নেয় এবং চালক ও গণমাধ্যমকর্মীদের ওপরও হামলা চালায়। এতে সারজিস আলমসহ স্থানীয় কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। কারও হাত ও পা ভেঙে গেছে বলেও দাবি করেন তিনি।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী হামলায় জড়িত ব্যক্তি, তাদের সহযোগী এবং দায়িত্ব পালনে ব্যর্থদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এনসিপির হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল বলেন, কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত সমাবেশ শেষে সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হলে থানার মোড় এলাকায় তাদের বহরের ওপর হামলা হয়। পরে নিরাপত্তার স্বার্থে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম একটি ব্যাংকে আশ্রয় নেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। তিনি বলেন, বাইরে থেকে আসা কিছু ব্যক্তি উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় উত্তেজিত জনতা প্রতিক্রিয়া দেখিয়েছে। এ ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নন। এনসিপি রাজনৈতিকভাবে নিজেদের প্রচারের জন্য ছাত্রদলের নাম ব্যবহার করছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available