অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (কোমানি) শহরের একটি সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারায়ণগঞ্জ সদর উপজেলার এবং একজন মুন্সীগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। এ খবর দেশে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে দুই জেলায়।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার রাতের প্রথম প্রহরে কুইন্সটাউনে আলীরটেক ইউনিয়নের ইউপি সদস্য রওশন মেম্বারের ভাই রতনের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন।
নিহতরা হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের ফাহিম (২৯), আপন আহমেদ (২৩) ও নুর মোহাম্মদ (৫৫), একই ইউনিয়নের তৈলখিরার চরের ফয়সাল (২৬), ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন (৩০) এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার দক্ষিণ কালিন্দিপাড়া এলাকার রাজিক বেপারী (৫২)।
স্বজনরা জানান, রাজিক বেপারী মাত্র আড়াই মাস আগে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি এবং তিন মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করতে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তিনি একটি সুপারশপ ও ইলেকট্রনিক্স দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। বর্তমানে তাঁর স্ত্রী সন্তানসম্ভবা।
নিহত আপন আহমেদের বাবা আলী মিয়া সন্তানের মৃত্যুসংবাদে কান্নায় ভেঙে পড়েন। প্রবাসে জীবিকার সন্ধানে গিয়ে লাশ হয়ে ফেরার এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। স্বজনরা দ্রুত সরকারি উদ্যোগে মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, দক্ষিণ আফ্রিকার এ মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্বজনদের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারিভাবে সহায়তা ও ক্ষতিপূরণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available