ডেস্ক রিপোর্ট: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নিজের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরুর প্রতিক্রিয়ায় ২ সেপ্টেম্বর বুধবার রাতে এনসিপির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুঁশিয়ারি দেন তিনি।
দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসিফ মাহমুদ বলেন, বিরোধী পক্ষকে রাজনৈতিকভাবে কোনঠাসা করতেই তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, ‘বিএনপি সরকার আওয়ামী কায়দায় বিরোধী দলকে দমন করছে।’
এর আগে বুধবার দুদকের মুখপাত্র জানান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য এবং নিয়োগ, পদোন্নতি ও পদায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
এসব অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
তবে অভিযোগের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে আসিফ মাহমুদ বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত ৩৬ কর্মকর্তার পদায়ন আদালত বাতিল করেছেন। তাই এ বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
১৮২ কর্মকর্তার পদোন্নতিতে দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ প্রক্রিয়া মন্ত্রণালয় করেনি; করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ ক্ষেত্রে দুদক পিএসসির বিরুদ্ধেও তদন্ত করবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
দুদকের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই মুখপাত্র। তিনি বলেন, ‘গত পাঁচ মাসে দুদকে কোনো মামলা হয়নি, কিন্তু এখন করা হচ্ছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সে বিষয়ে তদন্ত কেন হচ্ছে না?’
শক্তিশালী যুক্তি বা প্রমাণ ছাড়া এ ধরনের দুর্নীতির অভিযোগ মূলত বিরোধী দলকে রাজনৈতিকভাবে দমন করার উদ্দেশ্যে করা হচ্ছে বলেও অভিযোগ করেন আসিফ মাহমুদ। এ ক্ষেত্রে সরকার দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও দাবি করেন তিনি।
দুদকের মুখপাত্র তার বক্তব্য প্রত্যাহার না করলে অথবা গণমাধ্যমে এ বিষয়ে ভুল স্বীকার না করলে মুখপাত্রের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ।
সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available