• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে আশ্বিন ১৪৩৩ সকাল ১০:০০:০৩ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

বিএনপির মুখে জুলাই, কিন্তু অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ

১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:৪৪

বিএনপির মুখে জুলাই, কিন্তু অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক: বিএনপির মুখে জুলাই, কিন্তু অন্তরে আওয়ামী লীগ—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, বিএনপির দীর্ঘদিনের নির্যাতিত নেতাকর্মীদের তুলনায় ৫ আগস্টের পর দলে যুক্ত হওয়া একটি অংশ বেশি গুরুত্ব ও ব্যবসায়িক সুবিধা পাচ্ছে।

১৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণবিষয়ক কমিটির আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির মুখে জুলাইয়ের কথা থাকলেও দলটির অভ্যন্তরীণ অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে নির্যাতন, মামলা ও কারাবরণের শিকার নেতাকর্মীদের সঙ্গে ৫ আগস্টের পর দলে যুক্ত হওয়া নতুন অংশের মধ্যে পার্থক্য রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত বিএনপির অনেক নেতাকর্মী এখন দলে গুরুত্ব পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে বিস্তারিত প্রমাণ তুলে ধরেননি এই সংসদ সদস্য।

আলোচনা সভায় এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া অনেকটা দায়সারা বিষয়ে পরিণত হয়েছে। বেনজীর আহমেদকে দুবাইয়ে আটক করার খবরের পর সরকার সংসদে কৃতিত্ব দাবি করলেও পরে তাঁর মুক্তির বিষয়ে সরকার নীরব রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির বিচার কার্যক্রম পরিচালনার সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, চাঁদাবাজি নিয়ন্ত্রণেই সরকার হিমশিম খাচ্ছে। বিএনপি ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছে বলে স্বাস্থ্যকেন্দ্র বা ব্যক্তিগত স্টুডিও ভাঙচুরের অধিকার পেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাত্র ১৩টি মামলার বিচার চলছে। ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি জানানো হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সুবিধাভোগী দল বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রতি বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।

এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট হুমায়রা নূর অভিযোগ করেন, জুলাই গণহত্যার মামলার তদন্তের দায়িত্বে থাকা কিছু পুলিশ সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। কয়েক দিন আগে একটি মামলার রায়ে সাজাপ্রাপ্ত সাতজনই পলাতক ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। ট্রাইব্যুনাল ও তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিদের শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে বিচারপ্রক্রিয়ায় আন্তরিক হওয়ার আহ্বান জানান হুমায়রা নূর।

ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের সদস্যসচিব অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার বলেন, যে বিরোধী দল ১৭ বছরে আন্দোলন গড়ে তুলতে পারেনি, তাদের ওপর আস্থা রাখা বড় ভুল ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্য শুনে সরকার জুলাই গণহত্যার বিচার করতে আন্তরিক কি না, তা নিয়ে সংশয় তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী বলেন, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের শাস্তি নিয়ে ঘোষিত রায়ের ক্ষেত্রে আব্দুল্লাহ আল মামুনের সাজা যথেষ্ট নয় বলে তাঁরা মনে করেন। ফাঁসির রায় কার্যকরে সুনির্দিষ্ট উদ্যোগ এবং বিচারপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে সরকারের কাছ থেকে স্পষ্ট তথ্য চান তিনি।

নিজের ভাই হত্যার বিচার প্রসঙ্গে সাবরিনা বলেন, অনেক ক্ষেত্রে নির্দোষ ব্যক্তিদেরও মামলার আসামি করা হচ্ছে। তবে তাঁর ভাই হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করাই তাঁদের মূল দাবি। ৫ আগস্টের আগে বিচার চাওয়ার পরিবেশ ছিল না বলেই তাঁরা মামলা করেননি বলে জানান তিনি।

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের সভাপতি ও আহত জুলাই যোদ্ধা মো. সালমান হোসেন বলেন, ১৯ জুলাই জুমার দিনে তিনি গুলিবিদ্ধ হন। ওই ঘটনার পর থেকে তাঁকে যে মানসিক ট্রমার মধ্য দিয়ে রাত কাটাতে হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হলে বিচার চাওয়ার গুরুত্ব তিনি বুঝতে পারতেন বলে মন্তব্য করেন সালমান।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আরমান হোসাইনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের সহসভাপতি ও আহত জুলাই যোদ্ধা মায়মুনা মায়া। তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো কতটা আন্তরিক, সে প্রশ্নের জবাব তাদের দিতে হবে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৩, আহত ২
ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৩, আহত ২
১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫৮:২৩



আজও নতুন দামেই বিক্রি হবে স্বর্ণ
আজও নতুন দামেই বিক্রি হবে স্বর্ণ
১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৮:৩৩

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪২:৫৪