কুমিল্লা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণের অর্থ ও সমর্থনে রাজনীতি করবেন, তবে কোনো অনৈতিক সুবিধা বা তদবির গ্রহণ করবেন না।

এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, “মানুষ আমাকে সহযোগিতা করছেন রাজনীতিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য। কেউ যদি মনে করেন অর্থ দিয়ে পরে কোনো সুবিধা নেবেন—তা ভুল ভাবছেন। আইন ও ন্যায়ের প্রশ্নে আমি নিজের আত্মীয়কেও ছাড় দেব না।”


তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সুবিধাবাদী একটি গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেছে। “এক ভাই এক দলে, আরেক ভাই অন্য দলে—যে দল ক্ষমতায় আসে, সুবিধা নেয় তারাই। এই সংস্কৃতি আর চলবে না,” বলেন তিনি।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ হাইস্কুল মাঠে ২টি ইউনিয়নের সম্মিলিত শাপলা কলি প্রতিকের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “যারা ভুল পথে আছেন, তারা সঠিক পথে ফিরলে আমরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করবো। কিন্তু অবৈধ কর্মকাণ্ড চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, রাস্তাঘাট সংস্কারসহ অন্যান্য কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। “কে কোন দলের, সেটা বিবেচ্য নয়; যে রাস্তা জনগণের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেটাই আগে হবে,” বলেন তিনি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “ভোটের আগের দিন টাকার প্রলোভন এলে তা প্রত্যাখ্যান করুন। ঘুষের বিরুদ্ধে অবস্থান নিলে ভোটের ক্ষেত্রেও একই নীতি মানতে হবে।”
সমাবেশে তিনি সমর্থকদের প্রতি আহ্বান জানান, প্রত্যেকে অন্তত ১০ জন ভোটারের কাছে তার বার্তা পৌঁছে দিতে এবং ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকতে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available