• ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৪৪:৪৫ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন যুবদল সভাপতি

৬ জুলাই ২০২৬ সকাল ০৯:২৯:১২

ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন যুবদল সভাপতি

ডেস্ক রিপোর্ট: জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোলের খবর প্রকাশের পর এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ৫ জুলাই রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে কোনো ধরনের বিরোধ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ফেসবুক পোস্টে আব্দুল মোনায়েম মুন্না লেখেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সঙ্গে তার তিন দশকেরও বেশি সময়ের সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক এখনো সুসম্পর্কই রয়েছে।

তিনি জানান, ১০টি বিভাগীয় সাংগঠনিক টিম সপ্তাহব্যাপী সাংগঠনিক কার্যক্রম শেষে ঢাকায় ফেরায় তাদের নিয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা চলায় সর্বসম্মতিক্রমে সভা মুলতবি করে পরদিন বিকেল ৫টায় পুনরায় সভা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

মুন্না আরও লেখেন, গণতান্ত্রিক রাজনীতিতে তর্ক-বিতর্ক স্বাভাবিক বিষয় এবং বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। তবে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে কোনো সমস্যা হয়নি। সভা মুলতবি হওয়ার পর তারা একসঙ্গেই নিচে নেমেছেন। পরে তিনি সাধারণ সম্পাদককে বিদায় দিয়ে কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে পল্টন মসজিদে আসরের নামাজ আদায় করতে যান।

তিনি দাবি করেন, এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোলের ঘটনা ঘটে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সদ্য ঘোষিত নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে আলোচনা চলাকালে সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। পরে সভা স্থগিত করা হয়।

তবে এসব প্রতিবেদনের সত্যতা অস্বীকার করে ফেসবুক পোস্টে নিজের বক্তব্য তুলে ধরেছেন যুবদল সভাপতি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us