ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিনের শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশকে পুনরুদ্ধার ও পুনর্গঠনে সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন—এই তিনটি লক্ষ্যকে সামনে রেখে ‘থ্রি-আর’ কৌশল অনুসরণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণের অবসান ঘটিয়ে ২০২৪ সালে বাংলাদেশ সেই পরিস্থিতি থেকে মুক্ত হয়েছে। এ সময়ে গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের মতো সমস্যার অবসান ঘটিয়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।
তিনি বলেন, বাংলাদেশের সামনে বর্তমানে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগ কাজে লাগিয়ে দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।
তারেক রহমান বলেন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এ কর্মযজ্ঞে বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
তরুণ উদ্যোক্তা, গবেষক ও উদ্ভাবকদের জন্য নতুন উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে নতুন উদ্যোগে সহায়তার জন্য সরকার ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে।
বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা কাজে লাগাতে দেশি-বিদেশি অংশীদারদের সহযোগিতা প্রত্যাশা করে তিনি বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য।
সূত্র: বাসস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available