ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দিয়ে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে বিরল নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেন তিনি।
সম্পূর্ণ বাংলায় দেওয়া প্রধানমন্ত্রীর এ ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আন্তর্জাতিক কূটনীতি, মানবাধিকার, ন্যায়বিচার ও শান্তির প্রত্যাশার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ইতিহাসে একই পরিবারের বাবা, মা ও ছেলে—তিন সদস্যের রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার এমন নজির আগে ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সাধারণ পরিষদ হলে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার জাতিসংঘে ভাষণ দেওয়ার প্রসঙ্গ স্মরণ করেন।
তিনি বলেন, জাতিসংঘের এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি কিছুটা স্মৃতিকাতর। একই মঞ্চে তাঁর বাবা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়া দেশ ও জনগণের পক্ষে ভাষণ দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তিনিও বাংলাদেশের জনগণের স্বার্থ ও একটি শান্তিময় বিশ্ব সমাজের প্রত্যাশায় এই মঞ্চে দাঁড়িয়েছেন।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরেন। জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয় এবং রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
বাবা-মায়ের পর তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে তাঁর পরিবারের সঙ্গে বিশ্ব সংস্থাটির সাধারণ পরিষদের চার দশকেরও বেশি সময়ের সম্পৃক্ততায় নতুন অধ্যায় যুক্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারের প্রথম সদস্য হিসেবে ১৯৮০ সালের ২৬ আগস্ট সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন।
ওই ভাষণে তিনি ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি শান্তি, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও পারস্পরিক দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান।
এর ১৩ বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন তারেক রহমানের মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
জাতিসংঘের নথিপত্র অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে খালেদা জিয়া মোট পাঁচবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। এছাড়া ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সভা, ২০০২ সালে শিশু বিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে ৬০তম অধিবেশন চলাকালে দুটি পৃথক সভায়ও তিনি বক্তব্য দেন।
ফলে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের মধ্য দিয়ে একই পরিবারের তিন সদস্যের রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে এই বিশ্বমঞ্চে বক্তব্য দেওয়ার একটি নতুন অধ্যায় তৈরি হলো।
সূত্র: বাসস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available