ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের চেইন অব কমান্ড ও কঠোর শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যেকোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অব কমান্ড ও শৃঙ্খলা অপরিহার্য, এগুলো উপেক্ষা করা হলে কোনো বাহিনী কার্যকরভাবে সুশৃঙ্খল থাকতে পারে না।
২০ মে বুধবার সকাল ১০টায় গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির মিলনায়তনে বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশ রূপান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতে বাহিনীর সকল পর্যায়ের সদস্যদের অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর অবদান স্মরণ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে প্রায় ৪০ হাজার আনসার সদস্য অংশ নেন এবং ৬৭০ জন শহীদ হন।
স্বাধীনতা-পরবর্তী সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর উদ্যোগেই আনসার ও ভিডিপির কাঠামো শক্তিশালী হয় বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া ১৯৯৫ সালে আনসার-ভিডিপি আইন প্রণয়নের মাধ্যমে বাহিনীকে স্বতন্ত্র ও সুশৃঙ্খল কাঠামো দেওয়া হয়, যা প্রাতিষ্ঠানিক বিকাশে মাইলফলক হিসেবে কাজ করেছে বলে উল্লেখ করেন তিনি।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, থানা পাহারা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।
তিনি আরও জানান, বর্তমানে ৪৭টি ব্যাটালিয়নের মধ্যে ১৬টি পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত। পাশাপাশি ৫২ হাজার অঙ্গীভূত আনসার সদস্য বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় কাজ করছেন।
প্রধানমন্ত্রী বলেন, সঞ্জীবন প্রকল্প, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে কর্মসংস্থান ও ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে। জব পোর্টাল ও বিদেশে কর্মসংস্থানের উদ্যোগও চলমান রয়েছে।
তিনি আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম, ক্রীড়া সাফল্য এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি জানান, বাহিনীর সদস্যদের জন্য নতুন বিধিমালা ও কাঠামোগত সংস্কারের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ও ভিডিপি ভবিষ্যতে একটি আধুনিক ও মানবিক বাহিনী হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available