নিজস্ব প্রতিবেদক: অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তা পর্যায়ে পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
২৪ এপ্রিল শুক্রবার দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


সৌদি আরব থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি আমদানির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে দেশে জ্বালানি তেল ও গ্যাসের মজুত বাড়ানো হচ্ছে। একই সঙ্গে এ খাতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভারত, নেপাল ও পাকিস্তানে জ্বালানি তেলের দাম বাংলাদেশের চেয়েও বেশি। ফলে এই মূল্যবৃদ্ধি দেশে মূল্যস্ফীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতির কারণে জ্বালানি খাত প্রায়ই চাপে পড়ে। এ অবস্থা থেকে উত্তরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে সংরক্ষণ সুবিধা নির্মাণে কাজ করছে। পাশাপাশি এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের জন্য শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে।
এর আগে বাণিজ্যমন্ত্রী বাসিয়া খাল পরিদর্শন করেন। আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান খালটির খননকাজ উদ্বোধন করবেন বলে জানা গেছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ রাজনৈতিক ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available