অনলাইন ডেস্ক: বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৫ নভেম্বর বৃহস্পতিবার বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
মতবিনিময়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করতে চায়। বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার।
এ সময় মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের জন্য চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। দিনটিকে গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available