নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ পর্যায়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ৮০ শতাংশই নারী হবেন বলে তিনি জানান।
২ মে শনিবার দুপুরে সিলেটে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সিলেট নগরের সুরমা নদীর দুই তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর অনুষ্ঠিত হয়।


তিনি বলেন, নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা গ্রামে ও শহরে ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর কাজ করবেন। বিশেষ করে নারীদের মধ্যে সচেতনতা তৈরিতে তারা ভূমিকা রাখবেন। খাদ্যাভ্যাস ও জীবনযাপনের মাধ্যমে হৃদরোগ, কিডনি রোগসহ নানা জটিল রোগ প্রতিরোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তারেক রহমান আরও বলেন, মানুষের মধ্যে রোগ কমলে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ কমবে এবং সামগ্রিক চিকিৎসা সেবা আরও কার্যকরভাবে দেওয়া সম্ভব হবে।
তিনি দেশের বিভিন্ন বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন। প্রয়োজনে বেসরকারিকরণের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর কথাও বলেন তিনি। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ এবং ভোকেশনাল শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেন।
এর আগে তিনি সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং পরে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হন। সকাল ১০টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে তাকে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা স্বাগত জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available