অনলাইন ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ এর অনুষ্ঠানে স্বাস্থ্য খাত নিয়ে এক প্রশ্নের জবাবে হাস্যরসাত্মক মন্তব্য করে উপস্থিত চিকিৎসক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে হাসির রোল তোলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১১ জুলাই শনিবার উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
আলোচনার একপর্যায়ে একজন অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, স্বাস্থ্য খাত নিয়ে তার পরিকল্পনা কী।
জবাবে পাশে বসে থাকা তার সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী রসিকতা করে বলেন, ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন।’
প্রধানমন্ত্রীর এই মন্তব্যে পুরো অডিটোরিয়ামে হাসির রোল পড়ে।
পরে প্রশ্নকারী বলেন, ডা. জুবাইদা রহমান যেহেতু প্রধানমন্ত্রীর পাশে রয়েছেন, তিনি যদি স্বাস্থ্য খাতের উন্নয়নে উদ্যোগ নেন, তাহলে চিকিৎসক সমাজ আরও উৎসাহিত হবে।
এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছে শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available