অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যদি সত্যিই দেশে ফেরার পরিকল্পনা থাকে, তাহলে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত।
১১ জুলাই শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ নজরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করেছিল। বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে।’ এর মধ্যেই শেখ হাসিনা দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন।
এ প্রেক্ষাপটে তিনি লেখেন, ‘যদি সেটিই সত্য হয়, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন।’
আসিফ নজরুল লিখেন, বাংলাদেশের জনগণ ও আদালতের সামনে শেখ হাসিনার বিভিন্ন বিষয়ে জবাব দেওয়ার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে প্রাণহানি, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, ‘আয়নাঘর’, দুর্নীতি, অর্থ পাচার, ভোটাধিকার থেকে জনগণের বঞ্চিত হওয়া এবং ভারতের প্রতি বাংলাদেশের নীতিগত অবস্থানসহ বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন।
পোস্টে তিনি আরও লিখেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা পরিবারের সদস্যদের আগেই বিদেশে পাঠিয়েছিলেন। তবে সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি পরিণতি আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীদের বহন করতে হয়েছে। তার মতে, দলের অনেক নেতা-কর্মী এখনও বিভিন্ন মামলার মুখোমুখি কিংবা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
সবশেষে আসিফ নজরুল বলেন, যদি শেখ হাসিনার দেশে ফেরার বাস্তব পরিকল্পনা থাকে, তাহলে বিলম্ব না করে ফিরে এসে আদালতে নিজের অবস্থান তুলে ধরা উচিত। আর যদি এমন কোনো পরিকল্পনা না থাকে, তাহলে বারবার দেশে ফেরার ঘোষণা দিয়ে দলের সাধারণ নেতা-কর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে না ফেলাই ভালো।
প্রসঙ্গত, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, তিনি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আগামী ডিসেম্বরের দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available