ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি বড় পাটকল অবশেষে বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু হচ্ছে। এর ফলে নতুন করে প্রায় ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
১১ আগস্ট মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের লিজ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেডের ইজারা পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। আর খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড চালু করবে হ্যামকো গ্রুপ।
বিজেএমসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার এবং ইজারাদার প্রতিষ্ঠানগুলোর পক্ষে নিজ নিজ প্রতিনিধিরা চুক্তিতে সই করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, পুনরায় উৎপাদন শুরু করতে এই তিন কারখানায় প্রায় ৬১৯ কোটি টাকা নতুন বিনিয়োগ করবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। এর মাধ্যমে বছরে প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকার সম্ভাব্য টার্নওভার আশা করা হচ্ছে।
সিরাজগঞ্জের রায়পুরে জাতীয় জুট মিলে ১৫৭ কোটি টাকা বিনিয়োগে ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান হবে। খুলনার দিঘলিয়ায় স্টার জুট মিলে ২৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে, যেখানে কাজ পাবেন আরও ৫ হাজার ২৩৮ জন কর্মী।
অন্যদিকে, খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলী জুট মিলে ২১২ কোটি টাকা বিনিয়োগে ১ হাজার ১৫৩ জনের কর্মসংস্থান তৈরি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, বিজেএমসির বন্ধ থাকা ২৫টি পাটকলের মধ্যে ২০টি বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে ১৪টির ইজারা সম্পন্ন হয়েছে এবং ৯টি কারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available