• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সকাল ০৬:০৯:৩৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:
সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত

সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের রাজধানী রিয়াদে ২৫ অক্টোবর একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্য দিয়ে ২ সপ্তাহ পর রিয়াদে বিমানের ফ্লাইট চালু হচ্ছে।২১ অক্টোবর বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান। এতে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইটগুলো পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।এ দিকে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলাচলে বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত ১৩৪টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ (২১ অক্টোবর) ফ্লাইট বাতিলের এ তথ্য জানিয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে। সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে দাম্মাম রুটে ২১ অক্টোবর থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করেছে বিমান। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এ রুটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।জেদ্দা রুটে আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে। অন্যদিকে মদিনা রুটে ১৮ অক্টোবর থেকে নিয়মিত ফ্লাইট চলাচল করছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের সময়সূচি অপরিবর্তিত থাকবে।১৩৪ ফ্লাইট বাতিলবেবিচকের সহকারী পরিচালক কাউসার মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলাচলে বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে।বাতিল সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি রয়েছে।অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে মোট ২০ হাজার ২৫৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনা ও সময়সূচির পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।এটিভি/এসটিও