নিজস্ব প্রতিবেদক: সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও বিতরণ ব্যবস্থার আধুনিকায়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে দেশের বিদ্যুৎ বিতরণ সক্ষমতা আরও ৬ হাজার ২৫৫ এমভিএ বাড়ানো হবে।
২ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় সংসদে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।


সংসদে উপস্থাপিত তথ্যে বলা হয়, বর্তমানে দেশের ৬টি বিদ্যুৎ বিতরণকারী সংস্থার অধীনে মোট ১ হাজার ৮৩৪টি উপকেন্দ্র চালু রয়েছে। এর মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর অধীনে ১ হাজার ৩০৬টি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে ১৮৭টি, ডিপিডিসির অধীনে ৯৯টি, ওজোপাডিকোর অধীনে ৯৭টি, ডেসকোর অধীনে ৬০টি এবং নেসকোর অধীনে ৮৫টি উপকেন্দ্র রয়েছে।

মন্ত্রী জানান, বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে বর্তমানে সারাদেশে ১৩৯টি নতুন উপকেন্দ্র নির্মাণ কাজ চলমান রয়েছে। বিশেষ করে পল্লী এলাকায় বিদ্যুৎ সংযোগের মান উন্নয়নে বড় ধরনের বিনিয়োগ করা হচ্ছে।
তিনি আরও বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে ৫টি প্রকল্প বাস্তবায়নাধীন এবং ৩টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ১২৮টি নতুন উপকেন্দ্র নির্মাণ ও ৭৬টি আপগ্রেডেশনের মাধ্যমে ২ হাজার ৫৪৩ এমভিএ সক্ষমতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি ২২৬টি নতুন উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে আরও ৩ হাজার ৭১২ এমভিএ যুক্ত হবে।
এছাড়া ময়মনসিংহ ও কুমিল্লা জোনে নতুন প্রকল্প, পশ্চিমাঞ্চলে একাধিক চলমান ও প্রস্তাবিত প্রকল্প এবং উত্তরাঞ্চলে নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী।
সরকারের এ মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ বিভ্রাট উল্লেখযোগ্যভাবে কমবে এবং শিল্প-কারখানা ও আবাসিক খাতে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available