• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ সকাল ১০:৫০:২৬ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি আজ

১৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:১০:৪৫

জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি আজ
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ হলো আজ শনিবার। তবে সনদ বাস্তবায়নের পদ্ধতি ও কয়েকটি মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য এখনো কাটেনি।

জুলাই সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে ক্ষমতাসীন বিএনপি সংবিধান সংশোধনের জন্য সংসদে একটি বিশেষ কমিটি গঠন করেছে। তবে বিরোধী দল এই কমিটির উদ্যোগ প্রত্যাখ্যান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।

বিশেষ কমিটি আশা করছে, শেষ পর্যন্ত বিরোধী দল সংবিধান সংশোধন বিল নিয়ে সংসদীয় আলোচনায় অংশ নেবে। কমিটির বক্তব্য অনুযায়ী, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত যেভাবে উল্লেখ করা হয়েছে, বাস্তবায়নের ক্ষেত্রেও তা বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা প্রস্তাবগুলোও গুরুত্ব পাবে।

সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করছে কমিটি। আগামী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধন বিল উত্থাপনের সম্ভাবনার কথাও জানিয়েছে তারা।

গত ২০ সেপ্টেম্বর জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি দল ও জোটকে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিল বিশেষ কমিটি। তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১টি দল এতে সাড়া দেয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রকাঠামোর সংস্কার নিয়ে আলোচনা জোরালো হয়। সরকার পরিবর্তনের পাশাপাশি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কীভাবে পরিচালিত হবে এবং ক্ষমতার ভারসাম্য কীভাবে নিশ্চিত করা হবে, সেসব প্রশ্ন সামনে আসে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রায় দুই মাস পর ২০২৪ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে ছয়টি সংস্কার কমিশন গঠন করে। কমিশনগুলো ছিল সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারবিষয়ক।

পরবর্তী সময়ে এসব কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। প্রায় আট মাস ধরে ৩০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনার পর প্রণীত হয় ‘জুলাই জাতীয় সনদ’।

সনদে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব রয়েছে। এর মধ্যে ৪৮টি সংবিধান-সম্পর্কিত। অন্য প্রস্তাবগুলো বিভিন্ন প্রতিষ্ঠান ও আইনি কাঠামোর সংস্কার নিয়ে। সনদের শেষ অংশে বাস্তবায়নসংক্রান্ত সাত দফা অঙ্গীকারনামাও যুক্ত করা হয়।

২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি দল সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করে। পরে গণফোরাম এবং চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি এতে স্বাক্ষর করে। তবে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া বামপন্থী চারটি দল সনদে স্বাক্ষর করেনি।

জুলাই সনদের বেশ কিছু প্রস্তাবে এক বা একাধিক রাজনৈতিক দলের ভিন্নমত রয়েছে। সনদে সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর পাশে এসব ভিন্নমত উল্লেখ করা হয়েছে।

সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সংসদের উচ্চকক্ষ গঠন, উচ্চকক্ষের ক্ষমতা নির্ধারণ, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগপদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে বিএনপির সঙ্গে অন্য কয়েকটি দলের মতপার্থক্য রয়েছে। জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী, আইনসভা হবে দ্বিকক্ষবিশিষ্ট। নিম্নকক্ষের নির্বাচনে সারা দেশে কোনো দল যত ভোট পাবে, সেই অনুপাতে উচ্চকক্ষে তাদের আসন বণ্টন করা হবে।
তবে বিএনপির অবস্থান হলো, নিম্নকক্ষে কোনো দল যতটি আসন পাবে, তার ভিত্তিতে উচ্চকক্ষের আসন বণ্টন করতে হবে। এ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি।

জুলাই সনদে বিভিন্ন দলের ভিন্নমত উল্লেখ থাকলেও গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের ব্যালটে এসব ভিন্নমতের কথা আলাদাভাবে উল্লেখ ছিল না। সনদের মূল সংস্কার প্রস্তাবগুলোর ভিত্তিতেই গণভোট অনুষ্ঠিত হয়।

বিএনপির নির্বাচনী ইশতেহারে সংবিধান সংস্কারের বিষয়ে বলা হয়েছিল, ২০২৫ সালের ১৭ অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে যেভাবে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

দলটির ব্যাখ্যা, সনদে স্বাক্ষরের সময় বিভিন্ন প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ভিন্নমতও নথিভুক্ত ছিল। সনদে আরও উল্লেখ রয়েছে, কোনো রাজনৈতিক দল বা জোট নির্বাচনী ইশতেহারে কোনো অবস্থান তুলে ধরে জনগণের ম্যান্ডেট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫
১৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪২:২০


জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি আজ
জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি আজ
১৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:১০:৪৫



আজ ও কাল মহাসপ্তমী, দুর্গোৎসবে মুখর দেশ
আজ ও কাল মহাসপ্তমী, দুর্গোৎসবে মুখর দেশ
১৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০১:৩৭




সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
১৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২৪:৪৭