ডেস্ক রিপোর্ট: আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।
তিনি বলেন, যারা নিরীহ এবং পরিচ্ছন্ন পতিত লীগের কর্মীরা আছেন তারা সরকার বিরোধী বিশৃঙ্খলা জ্বালাও পোড়াও করতে যাবেন না। পলাতকদের কথায় বিভ্রান্ত হবেন না। নিজেদের বিপদ ডেকে আনবেন না। দেশের সাথে থাকুন, বাংলাদেশের পাশে থাকুন। সবার আগে বাংলাদেশ।
২৯ নভেম্বর রোববার সন্ধ্যায় ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।
প্রেস মিনিস্টার সাইদুর রহমান বলেন, বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান-এমন ঘোষণা তিনি নিজে এখনো পর্যন্ত দেননি। শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট বা এনআইডি আবেদন প্রক্রিয়া জানতে চাওয়ার একটি ঘটনা আমরা দেখেছি। যদিও সেটির সত্যতা নিয়ে নানা প্রশ্নও রয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক একটি সংবাদ নতুন করে কিছু আলোচনার রসদ জুগিয়েছে বটে। যেই খবরে একমাত্র উদ্বৃত্ত করা হয়েছে জনৈক সৈয়দ মোজাম্মেল আলী নামক এক ব্যক্তিকে। শেখ হাসিনার মুখপাত্র হিসেবে যেই মোজাম্মেল আলীকে পরিচয় করানো হয়েছে তাকে বাংলাদেশের সাধারণ মানুষ তো বটেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কতজন মানুষ চেনে সেই প্রশ্নের উত্তর তারাই ভাল দিতে পারবেন।
সাইদুর রহমান বলেন, তিনি কবে শেখ হাসিনার মুখপাত্র হলেন, কীভাবে বার্তা সংস্থা রয়টার্সের মতো প্রতিষ্ঠানে শুধুমাত্র তার কথার ওপর ভিত্তি করে একটি সংবাদ পরিবেশন করলো সেই প্রশ্ন অবশ্যই আলোচনার দাবি রাখে। সে যাই হোক। রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন। এজন্য বর্তমান বাংলাদেশ সরকারের কাছে বিমান চেয়েছেন।’
তিনি বলেন, মুখপাত্র দাবি করা সৈয়দ মোজাম্মেল আলীর ঘোষণার পর এখনো পর্যন্ত এটি যে শেখ হাসিনার ঘোষণা সেটি কিন্তু কেউ নিশ্চিত করতে পারেনি। বিগত পতিত সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ডয়েচে ভেলের একটি অনুষ্ঠানে এসে দাবি করেছেন, শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বিমান পাঠাতে বলেছেন। এটি নাকি বিমান পাঠানোর সাথে সম্পর্কিত। অন্যদিকে শেখ হাসিনা আরেকটি পডকাস্টে বলেছেন, আমি ব্যাগ গুছিয়ে রেখেছি। যেকোন দিন আমার সুযোগ পেলে যাবো। জেলে যে দেবে, সেটি আমি জানি। আমি সুটকেস গুছিয়েছি, জেলে গেলে কি কি লাগবে সেটি রেখেছি, মশারিও কিনে রেখেছি যদি আমি যাই।
প্রেস মিনিস্টার বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ইচ্ছায় তিনি ভারতে এসেছিলেন। পাঁচ আগস্ট আওয়ামী লীগ নেত্রী ভারতে আসার পর দিন সর্বদলীয় বৈঠকে ভারত সরকারের তরফে বাংলাদেশের পরিস্থিতি এবং হাসিনার দেশ ত্যাগের কারণ ব্যাখ্যা করা হয়। সেই বৈঠকেই সব দল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার সরকারি সিদ্ধান্তে সিলমোহর দেয়। গত বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধটি বিদ্যমান আইনি কাঠামোর আওতায় প্রক্রিয়াধীন একটি আইনি বিষয়। প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।’
তিনি বলেন, শেখ হাসিনাকে বৈধভাবে বাংলাদেশে ফিরতে হলে আইনি কাঠামোর বাইরে আপাতত কোনো সুযোগ নাই। সেটির একমাত্র পথ এক্সট্রিডিশন ট্রিটি। শেখ হাসিনার দেশে ফেরা কোনো ভাবেই স্বেচ্ছাধীন নয়। কারণ বাংলাদেশের বিদ্যমান আইনানুযায়ী তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, পাসপোর্ট আইন অনযায়ী কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে এটি ইস্যু করার সুযোগ নেই। ফলে শেখ হাসিনা পাসপোর্টের জন্য এই মুহূর্তে অযোগ্য।
তিনি পোস্টে লিখেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন-এটির পর সোশ্যাল মিডিয়ার খবর পতিত দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের নেতারা কলকাতা এবং ত্রিপুরা সীমান্ত পরিদর্শন করেছেন। এটি শুধুমাত্র ফ্যাসিবাদ আওয়ামী লীগ নেতাদের চাঙ্গা রাখার কৌশল মাত্র। নতুন করে বিপদে ফেলার উপলক্ষ্য। অবৈধ পন্থায় শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে হলে সেটি একমাত্র পুশব্যাক হতে পারে। বাংলাদেশ অবশ্যই পুশব্যাকের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে গ্রহণ করবে না। তার বিমান পাঠানোর অনুরোধ আইনসিদ্ধ নয়। এভাবে সরকার আরেকটি দেশ থেকে কোনো আসামিকে ফেরত নিতে পারে না।
তিনি বলেন, শেখ হাসিনার ফেরার অসমর্থিত সূত্রের ঘোষণায় রাজনীতির বলির পাঁঠা হতে হচ্ছে আওয়ামী লীগের নিরীহ কর্মীরা। শেখ হাসিনা প্রত্যাবর্তন করতে পারবেন কিনা-সেটি নিশ্চিত না করে কর্মীদের সরকারের বিরুদ্ধে লেলিয়ে মজা লুটছেন পলাতক নেতারা। পলাতক নেতাদের কথায় বারবার প্রতারিত হচ্ছে অসহায় এবং নিরীহ সাপোর্টাররা। এছাড়াও স্যোশাল মিডিয়া অপপ্রচার চালিয়ে কারোর ফেরা নিশ্চিত করা যায় না। দয়া করে বাংলাদেশের বিরুদ্ধে ভাড়াটিয়া বাহিনীর অপপ্রচারে কান দিবেন না। কিছু টাকার লোভে আপনাদেরকে তারা বিভ্রান্ত করছে।
সাইদুর রহমান বলেন, সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্তে ভারতে থাকার অনুমোদন পেয়েছেন শেখ হাসিনা তার ফেরা অবশ্যই অবৈধ প্রক্রিয়ায় হওয়ার কোনো সুযোগ নাই। শেখ হাসিনা ইচ্ছে করলেও বাংলাদেশে ফিরতে পারবেন না। তাকে বৈধ প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে। তাকে দেশে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকার ভারতকে একাধিকবার অনুরোধ করেছে। শেখ হাসিনাকে দেশে ফেরত আনবার বর্তমান সরকার ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় এবং আন্তরিক।
তিনি আরও বলেন, ভারত আমাদের বৃহৎ ও নিকটত প্রতিবেশী। আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম বন্ধু রাষ্ট্র। এছাড়াও কূটনৈতিকভাবে বর্তমান সরকারের সাথে সুসম্পর্ক রয়েছে। উপযুক্ত এবং অনুকূল পরিবেশ তৈরি হলে অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। এক শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারতের সম্পর্ক আটকে নাই। বরং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দুই দেশের আন্তরিকতার কোনো ঘাটতি নাই।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available