অনলাইন ডেস্ক: দেশের শিল্প খাতে একদিকে বন্ধ হচ্ছে কারখানা, অন্যদিকে নতুন করে চালু হচ্ছে কিছু প্রতিষ্ঠান। বর্তমানে বিসিকের শিল্পনগরীগুলোতে ৩৮১টি কারখানা বন্ধ থাকলেও চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ২২টি কারখানা আবার উৎপাদনে ফিরেছে।
জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বন্ধ কারখানাগুলো সচল করতে সরকারের উদ্যোগ নিয়েও সংসদে আলোচনা হয়েছে।
১২ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে এক লিখিত জবাবে এ তথ্য জানান তিনি।
সংসদ অধিবেশনে একটি সুনির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। তিনি জানতে চান, ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে কতটি শিল্প কারখানা রয়েছে, এর মধ্যে কতটি চালু ও কতটি বন্ধ রয়েছে এবং বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়াতে সরকারের কী পরিকল্পনা রয়েছে।
এ সময় শিল্পমন্ত্রী জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী ও শিল্পপার্ক প্রতিষ্ঠা করে থাকে, যেখানে বেসরকারি উদ্যোক্তারা প্লট বরাদ্দ নিয়ে কারখানা গড়ে তোলেন। তবে, বিসিক শিল্পনগরীর বাইরের অন্যান্য কারখানা এর আওতাভুক্ত না থাকায় ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে বিদ্যমান সব কারখানার সঠিক পরিসংখ্যান বিসিকের কাছে নেই।
মন্ত্রী আরও জানান, দেশজুড়ে বিসিকের প্রতিষ্ঠিত ৮৪টি শিল্পনগরীর ১১ হাজার ৭৪৮টি শিল্প প্লটে বেসরকারি উদ্যোক্তাদের উদ্যোগে মোট ৬ হাজার ৩৪৪টি শিল্প কারখানা স্থাপিত হয়েছে। এর মধ্যে বর্তমানে ৩৮১টি শিল্প কারখানা বন্ধ অবস্থায় রয়েছে।
তিনি বলেন, বন্ধ থাকা এসব কারখানা পুনরায় সচল করার উদ্যোগের অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ২২টি কারখানা নতুন করে চালু করা হয়েছে।
মন্ত্রী জানান, ওই এলাকায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) তথা শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন দুটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং বর্তমানে দুটি প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available