অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে সংঘটিত লুটপাট, ধ্বংসযজ্ঞ ও হত্যাযজ্ঞের ক্ষতি অল্প সময়ের মধ্যে কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে রাষ্ট্র পুনর্গঠনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
১৯ জুলাই রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এডিটরস কাউন্সিল আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদের সূচনা হয়েছিল। দীর্ঘ সময়ে আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল ও ধ্বংস করেছে।
তিনি বলেন, এত অল্প সময়ে সেই ক্ষতি পূরণ করা সম্ভব না হলেও পুনর্গঠনের কাজ শুরু হয়েছে এবং গণতান্ত্রিক শক্তির ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।
জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অভিযোগ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সব রাজনৈতিক দলের স্বাক্ষরিত এ সনদ নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, সেসব বিষয়ে নির্বাচনে বিজয়ী হয়ে সংশ্লিষ্ট দল তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পদক্ষেপ নেবে।
তিনি বলেন, বিএনপি জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিয়ে আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। এটি একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণে কাজ করতে চায়।
বিগত সরকারের আমলে রাজনৈতিক দমন-পীড়নের অভিযোগ তুলে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং ইলিয়াস আলীসহ প্রায় ১ হাজার ৭০০ জনকে গুম করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে অতীতের তোষামোদনির্ভর সাংবাদিকতার সমালোচনা করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় এডিটরস কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান, সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ জ্যেষ্ঠ সাংবাদিক নেতারা বক্তব্য দেন।
এছাড়া উত্তাল জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আন্দোলনে নিহত পাঁচ সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং এক লাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available