ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জলবায়ু ন্যায্যতা, জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তার ক্ষেত্রে আরও কার্যকর ও জোরালো বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ পরিণতি মোকাবিলা করে টিকে থাকার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
তিনি বলেন, কপ-৩১সহ আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় জলবায়ু ন্যায্যতা, জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তার ক্ষেত্রে আরও কার্যকর বৈশ্বিক পদক্ষেপ প্রত্যাশা করে বাংলাদেশ।
পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্ন ও সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বন্যা ও খরার ঝুঁকি মোকাবিলায় সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কর্মসূচির কথাও জানান তিনি। পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবন ও ভূগর্ভস্থ পানির পুনর্ভরণের লক্ষ্যেও এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সুন্দরবনে মিঠা পানির প্রবাহ বাড়ানো এবং বৃহৎ জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
পানি সংরক্ষণ ও দূষণ রোধে অভ্যন্তরীণ পদক্ষেপ জোরদারের পাশাপাশি আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনায় সহযোগিতার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি ১৯৯২ সালের পানি ব্যবস্থাপনা-সংক্রান্ত আন্তর্জাতিক সনদে বাংলাদেশের স্বাক্ষরের কথা উল্লেখ করেন।
এর আগে জাতিসংঘের জলবায়ু বিষয়ক উচ্চপর্যায়ের এক সভায়ও প্রধানমন্ত্রী জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য ও পূর্বানুমেয় অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতি ও লোকসান তহবিল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সূত্র: বাসস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available