• ঢাকা
  • |
  • শনিবার ৬ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৫১:১৬ (20-Jun-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার উন্মুক্ত হওয়ার আশা

২০ জুন ২০২৬ দুপুর ১২:৩১:১০

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার উন্মুক্ত হওয়ার আশা

ডেস্ক রিপোর্ট: আসন্ন মালয়েশিয়া সফরে বাংলাদেশের শ্রমবাজার আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। পাশাপাশি চীন সফরে বড় ধরনের বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ঢাকা কাজ করছে বলেও জানান তিনি।

২০ জুন শনিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

দেশ রূপান্তরের প্রতিবেদন সূত্রে জানা যায়, ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব বলেন, চীন সফরে বাংলাদেশ নতুন করে বড় বিনিয়োগের আহ্বান জানাবে। এ সফরে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সফরে বাণিজ্য ঘাটতি কমানো, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনাসহ নদী ব্যবস্থাপনা বিষয়েও চীনের সঙ্গে আলোচনা হবে। পাশাপাশি চীনের গ্লোবাল ইনিশিয়েটিভগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মালয়েশিয়া সফর প্রসঙ্গে পররাষ্ট্রসচিব বলেন, দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন। সফরে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশ আরও সহজ করার বিষয়ে আলোচনা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মালয়েশিয়ার অভ্যন্তরীণ পর্যালোচনা শেষে আসবে।

তিনি আরও জানান, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের বিষয়ে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি দেশটির বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

এর আগে ফেব্রুয়ারির নির্বাচনের পর সরকার গঠনের পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, যেখানে মালয়েশিয়া ও চীন সফরকে ঘিরে কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির প্রত্যাশা তৈরি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us