ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
১৯ জুন শুক্রবার বিএনপির মিডিয়া সেলে জেলা প্রশাসকের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
এর আগে ইউনিয়ন দুটির নাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে সীমান্ত ও দিগন্তের নামের সঙ্গে আংশিক মিল থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা এবং বিভ্রান্তির সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রী নিজেও বিব্রতবোধ করেন। কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ না রাখতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য তিনি নিজেও জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available