অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকে বাংলাদেশে বিএসএফের ৩৬টি পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৭ জুন বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এমপি মোহাম্মদ আবদুল মালিকের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফ মোট ২ হাজার ৩৬৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে। এর মধ্যে ২ হাজার ১৭৫ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে, ১১ জনকে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে এবং ১৮৩ জনকে পুশ-ব্যাক করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত হত্যা, পুশ-ইন এবং মাদক পাচার প্রতিরোধে বিভিন্ন পর্যায়ের বৈঠকের মাধ্যমে শূন্য সহনশীলতার লক্ষ্য নিয়ে কাজ চলছে। বিশেষ করে বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের জন্য বিএসএফকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে যৌথ টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে উচ্চ-ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করে সেখানে চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং বিজিবি সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় ২৪ ঘণ্টা নিরাপত্তা বজায় রাখছে। গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী ও অস্থায়ী পর্যবেক্ষণ পোস্ট স্থাপন করা হয়েছে।
এছাড়া রাত্রিকালীন টহল জোরদার, ড্রোন, থার্মাল ইমেজার, নাইট ভিশন ডিভাইস ও সিসিটিভি ব্যবহার করে সীমান্ত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি। সীমান্ত অপরাধ ও পুশ-ইন ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিউনিটি ওয়াচ গ্রুপও গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএসএফের গুলিতে নিরীহ বাংলাদেশি নাগরিকদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকার লঙ্ঘন। এ বিষয়টি বিজিবি–বিএসএফ দ্বিপক্ষীয় বৈঠকে জোরালোভাবে উত্থাপন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে উত্তেজনা কমাতে দুই দেশের যৌথ রাত্রীকালীন টহল এবং তাৎক্ষণিক ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সূত্র: দ্যা ডেইলি স্টার
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available