ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
আজ ৩ জুন বুধবার স্পিকারের কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা দু'দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, ব্যবসা-বাণিজ্য, গণতন্ত্র এবং অর্থ পাচার রোধসহ দ্বিপাক্ষিক সহযোগিতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সুদৃঢ় সম্পর্কের অগ্রযাত্রা শুরু হয়। মহান মুক্তিযুদ্ধে তৎকালীন মার্কিন কূটনীতিক আর্চার কেন্ট ব্লাড বাংলাদেশের পক্ষে যে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, তা তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশ ও আমেরিকার সরকার এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাইলফলক অতিক্রম করছে। বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, বাংলাদেশের জনগণ সবসময়ই স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। বাংলাদেশ কেবল কার্যকর গণতন্ত্রের মাধ্যমেই প্রকৃত সমৃদ্ধি অর্জন করতে পারে।
সাক্ষাৎকালে স্পিকার ও মার্কিন রাষ্ট্রদূত উভয়েই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, দু'দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার, সংসদীয় ককাস ফোরামে গণতন্ত্র দিবস উদযাপন এবং বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারে মার্কিন সরকারের কার্যকর সহায়তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। একই সঙ্গে, চলমান জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশে নতুন তেল ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে মার্কিন সহযোগিতা এবং জনদুর্ভোগ হ্রাসের বিষয়েও প্রতিনিধিদল মতবিনিময় করেন।
আলোচনায় স্পিকার বাংলাদেশে বিদ্যমান রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি মার্কিন রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন এবং এই মানবিক সংকট স্থায়ীভাবে নিরসনে যুক্তরাষ্ট্রের আরও জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
বৈঠকের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় মার্কিন দূতাবাসের উচ্চপদস্থ প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: আগামীর সময়
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available