নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত এ দাম আজ ১৯ এপ্রিল রোববার থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
১৮ এপ্রিল শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য সমন্বয়ের বিষয়টি জানানো হয়।


নতুন মূল্য অনুযায়ী—

ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে।
অকটেনের দাম ১২০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।
কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই দাম রোববার থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে কার্যকর থাকবে এবং নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে।
এদিকে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ এক বার্তায় বলেন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য সমন্বয়ের ফলে মজুত প্রবণতা কমবে এবং বাজারে স্বচ্ছতা বাড়বে।
উল্লেখ্য, এর আগে মার্চ ও এপ্রিল মাসে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত ছিল যথাক্রমে লিটারপ্রতি ১০০, ১১২, ১১৬ ও ১২০ টাকা। ফেব্রুয়ারিতেও একই দাম বহাল ছিল। তারও আগে জানুয়ারিতে সামান্য কমিয়ে এ মূল্য নির্ধারণ করা হয়েছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available