নিজস্ব প্রতিবেদক: সুখী, সমৃদ্ধ ও বেটার বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৫ এপ্রিল রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।


প্রধানমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করে একটি বেটার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, ধর্ম যার যার, দেশ সবার দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সব ধর্মের মানুষের।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয়।
ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন। তারা প্রধানমন্ত্রীকে বড়দিনের অগ্রিম আমন্ত্রণ জানান এবং একটি সম্মাননা স্মারক প্রদান করেন।
প্রধানমন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের সাফল্য কামনা করে বলেন, সরকার সব ধর্মের মানুষকে সমানভাবে মূল্যায়ন করে। এবারের নির্বাচনে সব ধর্মের মানুষের সমর্থন পেয়েই সরকার গঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতি, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় ছিল, যা অনেকটা যুদ্ধবিধ্বস্ত দেশের মতো মনে হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের কারণে নতুন করে সংকট তৈরি হয়েছে।
খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ৈ এবং অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। তারা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available