নিজস্ব প্রতিবেদক: আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। আজ ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টার কিছু পরে স্পিকারের চেয়ার খালি রেখে সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।


সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। কিন্তু এবার স্পিকার ও ডেপুটি স্পিকারের কেউ-ই উপস্থিত নেই।

তাদের অনুপস্থিতিতেই সংসদ অধিবেশন শুরু হয়। তবে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এমপিকে আহ্বান জানান। পরে খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।
খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমের অংশ হিসেবে স্পিকার নির্বাচন করা হয়। ত্রয়োদশ সংসদে নতুন স্পিকার পদে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এছাড়াও ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদর রাজনৈতিক জীবন বর্ণাঢ্য। মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য তিনি রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পদবি বীর বিক্রম পান। তিনি ছিলেন তৎকালীন পাকিস্তান ফুটবল দলের খেলোয়াড় ও অধিনায়ক। ১৯৬৪ থেকে তিনবারের জন্য পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হিসেবেও পরিচিত ছিলেন।
তার বাবা ডাক্তার আজহার উদ্দিন ১৯৬৩ ও ১৯৬৫ সালে পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। সেনাবাহিনী থেকে অবসরের পর বাবার পথ অনুসরণ করে রাজনীতিতে প্রবেশ করেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোলা-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হয়ে ১৯৮৬ ও ১৯৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। ১৯৯২ সালে বিএনপিতে যোগ দেন। ১৯৯৬ সালের ষষ্ঠ ও সপ্তম সংসদেও বিএনপির হয়ে নির্বাচিত হন। ষষ্ঠ জাতীয় সংসদে ১৯৯৬ সালের মার্চে বাণিজ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অষ্টম সংসদে পাটমন্ত্রী (২০০১–২০০৩) ও পানিসম্পদ মন্ত্রী (২০০৩–২০০৬) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বছরের পর বছর রাজনীতিতে সক্রিয় এই নেতা কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। ২৪ সালের গণঅভুত্থানের পর লালমোহন-তজুমদ্দিনে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক ক্ষমতার কারণে সপ্তমবারের মতো সংসদে যান। বর্তমানে ৮১ বছর বয়সী হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
অপরদিকে ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে বিপুল ব্যবধানে জয়ী হন। গত ১৭ ফেব্রুয়ারি তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
কায়সার কামাল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত মোস্তফা কামাল মনছুর এবং মাতা বেগম যোবায়দা কামাল। পারিবারিকভাবেই জনপ্রতিনিধিত্ব ও রাজনীতির সঙ্গে যুক্ত একটি ধারার মধ্যেই তার বেড়ে ওঠা।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। আইন পেশায় সুপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available