বিএনপি থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল বিএনপির দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।১২ মার্চ বৃহস্পতিবার সকালে এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তারা স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। এরপর তারা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল দলের আইন বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন।হাফিজ উদ্দিন আহমেদ তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, ‘সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’ একই কারণ উল্লেখ করে পদত্যাগপত্র দেন ব্যারিস্টার কায়সার কামাল।সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পদগুলো নির্দলীয় বা সাংবিধানিক পদ হিসেবে বিবেচিত। এসব পদে অধিষ্ঠিত ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের সক্রিয় পদ-পদবীতে থাকতে পারেন না।সংবিধানের ৭৪ ও ৭৫ অনুচ্ছেদে বলা হয়েছে, স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা নিরপেক্ষ থাকবেন এবং সংসদের কার্যক্রম পরিচালনার সময় দলীয় অবস্থানের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করবেন।