• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই শ্রাবণ ১৪৩৩ রাত ১০:০০:৪৭ (23-Jul-2026)
  • - ৩৩° সে:

মন্ত্রিসভার বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

২৩ জুলাই ২০২৬ রাত ০৯:০৬:০০

মন্ত্রিসভার বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

অনলাইন ডেস্ক: বগুড়া ও আশপাশের এলাকাকে পরিবেশবান্ধব, দুর্যোগ-সহনশীল এবং পরিকল্পিত আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

২৩ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৪তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় প্রণীত আইনটির খসড়া বৈঠকে উপস্থাপন করা হয়।

বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অপরিকল্পিত নগরায়ন রোধ, প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং নাগরিকদের উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করতেই নতুন এই সংবিধিবদ্ধ সংস্থা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইনের প্রধান বৈশিষ্ট্য

খসড়া আইন অনুযায়ী, বগুড়া সিটি করপোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করা হবে। একজন চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে কর্তৃপক্ষ পরিচালিত হবে।

আইনে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নির্ধারিত এলাকায় কোনো ধরনের অবকাঠামো নির্মাণ বা নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না। গণশুনানি ও প্রযোজ্য বিধি অনুসরণ করে একটি টেকসই মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে।

এ ছাড়া নদী, খাল, বিল, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর আইনি বিধান রাখা হয়েছে। অননুমোদিত নির্মাণ, জলাধার ভরাট বা দখলের ঘটনায় কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

শহর ও আশপাশের এলাকার উন্নয়নে অন্তত ৬০ শতাংশ ভূমির মালিকের সম্মতিতে ভূমি পুনর্বিন্যাস এবং ভূমি পুনঃউন্নয়ন পদ্ধতি প্রয়োগের সুযোগ রাখা হয়েছে।

কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনার জন্য নিজস্ব তহবিল গঠন, উন্নয়ন ফি নির্ধারণ, ঋণ গ্রহণ এবং নিয়মিত আর্থিক নিরীক্ষার আইনি কাঠামোও আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের আইনি ভেটিং সম্পন্ন হওয়ার পর ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ পাসের জন্য পরবর্তী প্রক্রিয়ায় পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us