ডেস্ক রিপোর্ট: আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অন্তত ছয়জন নিহত হন। দিনটি স্মরণে সারাদেশে শ্রদ্ধা, শোক ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস।
২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে থাকার তার দৃশ্য দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। একই দিনে চট্টগ্রামে নিহত হন কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম। এসব ঘটনার পর কোটা সংস্কার আন্দোলন আরও বিস্তৃত হয়ে সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়।
পরবর্তী সময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন।
জুলাই শহীদ দিবস উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং আহতদের অবদানের কথা স্মরণ করেছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে আন্দোলনে নিহতদের পাশাপাশি আহতদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রপতি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম, খুন, ভোটাধিকার হরণ ও দমন-পীড়নের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিবাদের বহিঃপ্রকাশ। জনগণই রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস—এই সত্য জুলাইয়ের আত্মত্যাগ নতুন করে স্মরণ করিয়ে দেয় বলেও তিনি উল্লেখ করেন।
পৃথক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৬ জুলাই জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। নিরস্ত্র ছাত্র-জনতার সাহসী প্রতিরোধ জাতির বিবেককে জাগ্রত করেছিল এবং শহীদ আবু সাঈদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীকে পরিণত হয়েছে।
তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের দমন-পীড়ন, দুর্নীতি, গুম, খুন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করেন তিনি।
জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া, শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available